শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো
- আপডেট সময় : ১০:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো
নিজেস্ব প্রতিবেদকঃ অনলাইন ক্লাসের পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান চালু রাখার জন্য জোর দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। সংগঠনটি বলেছে, দেশের বর্তমান বাস্তবতায় অনলাইন শিক্ষা কার্যকর নয় এবং এটি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য আরও বাড়িয়ে দেবে।
শনিবার সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন ও মহাসচিব রফিকুল ইসলাম প্যাডে একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি এবং দুর্বল ডিজিটাল অবকাঠামোর কারণে দেশের অধিকাংশ শিক্ষার্থী এখনও অনলাইন ক্লাসে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারছে না। কোভিড-১৯ মহামারির সময় অনলাইন শিক্ষার অভিজ্ঞতা দেখিয়েছে, অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসের বাইরে ছিল এবং শিক্ষার মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দিনের বেলায় শ্রেণিকক্ষে বিদ্যুতের ব্যবহার খুবই কম। তাই এসি ব্যবহার বন্ধ রেখে পাঠদান কার্যক্রম চালু রাখলেও বিদ্যুৎ ব্যবস্থার ওপর বড় চাপ পড়বে না। এতে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং বিদ্যুৎও সাশ্রয় হবে।
ফোরামটি সরকারকে অনুরোধ করেছে, অযাচিত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক না করার পাশাপাশি সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না করা পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য।









