পোস্টাল ব্যালট পৌঁছাতে অবহেলা, ভোটাধিকার চর্চায় বাধা
- আপডেট সময় : ০৭:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
পোস্টাল ব্যালট পৌঁছাতে অবহেলা, ভোটাধিকার চর্চায় বাধা
ছামিউল ইসলাম রিপন (বিশেষ প্রতিনিধি) :
ইলেকশন কমিশন কর্তৃক প্রেরিত পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে যথাসময়ে পৌঁছে দিতে পোস্ট অফিস কর্তৃপক্ষের দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক ক্ষেত্রে ডাক কর্তৃপক্ষ সরাসরি ব্যালট পেপার পৌঁছে না দিয়ে শুধু ভোটারদের ফোন করে জানিয়ে দায়িত্ব শেষ করছে।
এতে করে ভোটারদের বড় একটি অংশ পোস্ট অফিসে গিয়ে ব্যালট পেপার সংগ্রহে আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে বয়স্ক ভোটার, কর্মজীবী মানুষ এবং দূরবর্তী এলাকার ভোটারদের জন্য এটি বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ কার্যত বাধাগ্রস্ত হচ্ছে।
ভোটারদের অভিযোগ, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় পোস্ট অফিসের এমন গাফিলতি নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি করছে। পোস্টাল ব্যালট ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল ভোটারদের সহজ ও নিরাপদভাবে ভোটাধিকার নিশ্চিত করা, কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
সচেতন মহলের মতে, পোস্টাল ব্যালট পেপার ভোটারের ঠিকানায় সরাসরি পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ডাক বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে বিষয়টি তদারকিতে নির্বাচন কমিশনের কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভোটার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।









